নিজস্ব প্রতিবেদক : মাসখানেক ধরে চলা গ্যাস সংকট কিছুটা কমার পর আবারও তীব্র আকার ধারণ করেছে। এলএনজি সরবরাহ কমে যাওয়ায় মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালকরা।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক গ্যাস নিতে পারেননি। কেউ কেউ গ্যাস পেলেও চাপ কম থাকায় প্রয়োজনীয় পরিমাণে গ্যাস সংগ্রহ করতে পারছেন না।
চালকদের অভিযোগ, দিনের বড় একটি সময় ফিলিং স্টেশনের লাইনে অপেক্ষা করতেই চলে যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার পরও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় তাদের আয় কমে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে গ্যাস সংকট জীবিকা নির্বাহেও বড় ধরনের সমস্যা তৈরি করেছে।
গ্যাস সংকটের কারণ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। এলএনজি টার্মিনালের মেরামত ও সরবরাহ সমস্যাই এর কারণ, নাকি এর পেছনে অন্য কোনো চক্র রয়েছে—এমন প্রশ্নও তুলছেন কেউ কেউ।
পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজিবাহী জাহাজ থেকে টার্মিনালে গ্যাস খালাস করা যাচ্ছে না। এর ফলে দৈনিক ২৫ কোটি ঘনফুটের বেশি এলএনজি সরবরাহ কমে গেছে। পাশাপাশি একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় সংকট আরও তীব্র হয়েছে।
তবে পরিস্থিতির উন্নতি হলে আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ বাড়তে পারে বলে আশা করছে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ সংস্থাগুলো।