মোদির সঙ্গে বৈঠকে ইতিবাচক বার্তা নিয়ে গেছেন ভারতীয় রাষ্ট্রদূত: তথ্যমন্ত্রী

মোদির সঙ্গে বৈঠকে ইতিবাচক বার্তা নিয়ে গেছেন ভারতীয় রাষ্ট্রদূত: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নিয়ে ইতিবাচক অগ্রগতির প্রত্যাশা করছে সরকার। ভারত থেকে ইতিবাচক ফলাফলের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১২ আগস্ট) সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো সংকট নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, “দুই দেশের মধ্যে এমন কোনো সংকট নেই, যা সমাধান করা অসম্ভব।” ভারতীয় রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় গেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, ভারত থেকে ইতিবাচক ফলাফলের জন্য বাংলাদেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে—এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, বিষয়টি এখনো সরকারের নজরে আসেনি। এ ধরনের গুজবকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন পদক্ষেপে প্রমাণ করেছেন যে তিনি তরুণ সমাজের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখেন। ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার ইতিবাচক ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণ করছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দেশের তরুণদের দক্ষ করে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তরুণদের দক্ষতা উন্নয়নের বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। পাশাপাশি ঋণের মাধ্যমে তরুণদের ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নিয়েও কাজ চলছে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশি অতিথিবৃন্দ এবং ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।