মুক্তমন রিপোর্ট : প্রাকৃতিক দুর্যোগের কারণে এলএনজি খালাসে বিঘ্ন ও গ্যাস সরবরাহে সংকট তৈরি হলেও বুধবার সন্ধ্যা থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এলএনজি খালাস ব্যাহত হওয়ায় গ্যাস সরবরাহে স্থবিরতা দেখা দিয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় বিশেষ কৌশল নেওয়া হয়েছে। এর ফলে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আনার প্রক্রিয়া চলছে। সংকট মোকাবিলায় সরকার বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের পরামর্শ নিচ্ছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়েও কাজ করছে মন্ত্রণালয়।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের অভ্যন্তরীণ বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়। তাই তাৎক্ষণিক সংকট মোকাবিলার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বর্তমান সংকটের জন্য অতীতের ভুল নীতি ও তাৎক্ষণিক সমাধানের প্রবণতাকেও দায়ী করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরিবর্তে অতীতে নেওয়া বিভিন্ন তাৎক্ষণিক সিদ্ধান্তের প্রভাব এখন মোকাবিলা করতে হচ্ছে।
এ সময় এক্সিলারেট টার্মিনালের সক্ষমতা নিয়েও কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, টার্মিনালটি এখনো পূর্ণ সক্ষমতায় পরিচালনা করা সম্ভব হচ্ছে না। পুরো সক্ষমতায় ফিরিয়ে আনতে এটি ৭২ ঘণ্টার জন্য বন্ধ রাখতে হবে। তবে কখন থেকে টার্মিনালটি বন্ধ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতির কারণে জনগণ যে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন, তার জন্য তিনি বারবার দুঃখ প্রকাশ করছেন।