মুক্তমন রিপোর্ট : নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ জন বন্দির কোনো নথিপত্র বর্তমানে কারা অধিদপ্তরের কাছে নেই। একই কারাগার থেকে পালিয়ে যাওয়া নয় জঙ্গির মধ্যে তিনজন এখনো গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৮ আগস্ট) কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে এখনো ৬৯০ জন পলাতক রয়েছে।
আইজি প্রিজন জানান, নরসিংদী কারাগার থেকে মোট নয়জন জঙ্গি পালিয়ে গিয়েছিল। তাদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও তিনজন এখনো পলাতক। একই সঙ্গে কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দির নথিপত্রও বর্তমানে কারা অধিদপ্তরের কাছে নেই।
ধারণক্ষমতার দ্বিগুণ বন্দি
কারা মহাপরিদর্শক জানান, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ—প্রায় ৯৮ হাজার বন্দি আটক রয়েছে।
কারাগারে জায়গার সংকটের কারণে দুর্ধর্ষ আসামিদের আলাদাভাবে রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ধারণক্ষমতার স্বল্পতার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে পৃথক রাখা সম্ভব হচ্ছে না। কিছু দুর্বলতার কারণে সাধারণ আসামিরা জঙ্গিদের সংস্পর্শে আসার আশঙ্কা রয়েছে। তবে তাদের আলাদা রাখার চেষ্টা করা হচ্ছে।
কারাগারে মোবাইল ব্যবহারের অভিযোগ
কারাগারে আটক নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের মোবাইল ফোন ব্যবহারের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে আইজি প্রিজন বিষয়টি স্বীকার করেন। তবে তিনি জানান, এ ধরনের প্রবণতা বর্তমানে অনেকটাই কমে এসেছে।
তিনি বলেন, কারাগারে আটক রাজনৈতিক নেতাদের অতিরিক্ত কোনো সুবিধা দেওয়া হচ্ছে না।