কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিকে লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিকে লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদক : ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিকে লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার অভিযোগ উঠেছে। হামলায় একটি ড্রোন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কার্যালয়ে এবং আরেকটি কুর্দিস্তানের গোয়েন্দা প্রধানের বাড়িতে আঘাত হানে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী অধিদপ্তর জানিয়েছে, হামলার ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।

কুর্দিস্তান কর্তৃপক্ষের অভিযোগ, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে কুর্দিস্তান অঞ্চলকে একাধিকবার লক্ষ্যবস্তু করা হয়েছে। কুর্দিস্তান থেকে কুর্দি যোদ্ধারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে ইরানে স্থল হামলা চালাতে পারে—এমন আশঙ্কা থেকেই ইরান ওই অঞ্চলে হামলা চালিয়ে আসছে বলে অভিযোগ করা হয়েছে।

ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, কুর্দিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করে।

সংবাদমাধ্যম আলবাওবার প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দিস্তানে ইরান ও তাদের মিত্রদের পক্ষ থেকে বহু ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল কুর্দিস্তানের রাজধানী ইরবিল। গত ১৭ জুলাই ইরবিলে চালানো একটি হামলায় ৯ জন নিহত হওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি বলেন, সন্ত্রাসবিরোধী ইউনিটের তদন্তে তার ব্যক্তিগত কার্যালয় এবং গোয়েন্দা প্রধানের বাড়িতে ইরানের ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত হয়েছে। তিনি এ হামলাকে “ঝুঁকিপূর্ণ উত্তেজনা বৃদ্ধি” হিসেবে উল্লেখ করে কুর্দিস্তান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে মন্তব্য করেন।

এদিকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি বলেছে, এ ধরনের হামলা ইরাক ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ভৌগলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।