মানসিক সমর্থনের নতুন মাধ্যম: বৈশ্বিক গবেষণা

এআই-কে বন্ধু মনে করে জেন জি

এআই-কে বন্ধু মনে করে জেন জি

মুক্তমন ডেস্ক : বৈশ্বিক জেন জি (Gen Z) প্রজন্মের এক-চতুর্থাংশের বেশি ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) নিছক কাজের মাধ্যম হিসেবে না দেখে ব্যক্তিগত বন্ধু হিসেবে ব্যবহার করছেন। মানসিক নানা সাপোর্ট ও ব্যক্তিগত বিষয় শেয়ার করতে তারা এআই-এর শরণাপন্ন হচ্ছেন বলে বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাস্পারস্কির এক নতুন গবেষণায় উঠে এসেছে।

৭,২০০ জন অংশগ্রহণকারীর ওপর পরিচালিত এই সমীক্ষায় দেখা গেছে, জেন জি ব্যবহারকারীদের ২৭ শতাংশ এআই-কে একজন বন্ধুর মতো মনে করেন। এ ছাড়া ২৮ শতাংশ তরুণ জানিয়েছেন, যেসব ব্যক্তিগত সমস্যা তারা প্রিয়জনদের কাছে বলতে সংকোচ বোধ করেন, সেসব বিষয়ে তারা নির্দ্বিধায় এআই-এর পরামর্শ নেন।

জেন জি প্রজন্মের প্রায় ৪৭ শতাংশ অংশগ্রহণকারী প্রতিদিন বা নিয়মিত বিরতিতে এআই ব্যবহার করেন। তাদের ব্যবহারের প্রধান ক্ষেত্রগুলো হলো:

  1. তথ্য অনুসন্ধান: ৫৬%
  2. পড়াশোনা ও অ্যাকাডেমিক কাজ: ৪৯%
  3. আইডিয়া বা ধারণা তৈরি: ৪৭%
  4. পেশাগত কাজ: ৩৯%

সাইবার নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা নিয়ে সতর্কতা

প্রযুক্তিতে দক্ষ হলেও এই উদীয়মান প্রজন্মের অনেকেই এআই ব্যবহারের ঝুঁকির বিষয়টি উপেক্ষা করছেন। ক্যাস্পারস্কির তথ্য মতে, মাত্র ৪২ শতাংশ জেন জি ব্যবহারকারী নিয়মিত তথ্য যাচাই বা সংবেদনশীল তথ্য গোপন রাখার মতো নিরাপত্তা নিয়ম মেনে চলেন। বাকি ৫২ শতাংশ ব্যবহারকারী মাঝে মাঝে সতর্কতা অবলম্বন করেন এবং ৬ শতাংশ একেবারেই কোনো নিরাপত্তা ব্যবস্থা নেন না।

ক্যাস্পারস্কির এআই রিসার্চ সেন্টারের প্রধান ভ্লাদিস্লাভ টুশকানভ সতর্ক করে বলেন, এআই-এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথোপকথনকে কখনোই সম্পূর্ণ ব্যক্তিগত বা বিশ্বস্ত হিসেবে দেখা ঠিক নয়। এআই সিস্টেমে তথ্য শেয়ার করার সময় তরুণ ব্যবহারকারীদের তথ্যের নির্ভুলতা যাচাই এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।