মুক্তমন রিপোর্ট : দেশের ছোট পর্দার পরিচিত নাট্যকার তানিন রহমান আর নেই। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভোগার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) মারা গেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নাট্যাঙ্গনের নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
তানিন রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে তিনি লেখেন, ‘আমাদের সবার প্রিয় তানিন রহমান ভাই আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
তানিন রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার বহু জনপ্রিয় নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন তানিন।
শোকবার্তায় অপূর্ব বলেন, তানিনের সঙ্গে অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে কাজ করার স্মৃতি সবসময় মনে থাকবে।
নির্মাতা আশিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তানিন। সম্প্রতি মিরপুরের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার তার কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। এরপর তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তবে বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।
তানিনের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আশিকুর রহমান।
এক দশকেরও বেশি সময় ধরে নাটক লিখেছেন তানিন রহমান। তার লেখা নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার বহু জনপ্রিয় শিল্পী।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘তোমায় ভালোবেসে’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘এতটা ভালোবাসি’, ‘ভালোবাসার ফানুশ’, ‘নো’ ও ‘উৎসর্গ’।
তানিন রহমানের মৃত্যুতে বাংলা নাটকের অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।