প্রবাসীদের পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত

প্রবাসীদের পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত

মুক্তমন ডেস্ক : বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর বিশেষ সুযোগের সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নিরবচ্ছিন্ন রাখা এবং জনস্বার্থ বিবেচনায় পূর্বে জারি করা আদেশের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।

এর ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতা-মাতার নামসহ অন্যান্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর জন্য আবেদন করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ৮ জুলাই জারি করা আগের আদেশ অনুযায়ী এ বিশেষ সুবিধার মেয়াদ ৩০ জুন ২০২৬ পর্যন্ত নির্ধারিত ছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশের সব মিশন এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সময়সীমা বাড়ানোর ফলে বিদেশে অবস্থানরত অনেক বাংলাদেশি নাগরিক, যারা আগের নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্টের তথ্য সংশোধনের আবেদন করতে পারেননি, তারা এখন নতুন সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন। এতে প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ হবে।