মধ্যপ্রাচ্য ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্য ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা (Worldwide Caution) জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একইসঙ্গে পরিস্থিতি অনাকাঙ্ক্ষিতভাবে আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করে নিজ দেশের নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক দপ্তর ‘TravelGov’-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল রূপ নিয়েছে। যেকোনো মুহূর্তে অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে।”

বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, যেকোনো সময় ফ্লাইট বাতিল, সাময়িকভাবে আকাশসীমা বন্ধ হওয়া এবং যাতায়াতে বিঘ্ন ঘটার মতো পরিস্থিতি হতে পারে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ওই অঞ্চলের সব ধরণের ভ্রমণ পুনর্মূল্যায়ন বা এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বেশ কিছু এয়ারলাইন্স তাদের পূর্বে স্থগিত করা ফ্লাইট চালু করার সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছে এবং অনেকে নির্দিষ্ট কিছু রুটের ফ্লাইট পুরোপুরি বাতিল করেছে। বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে ভ্রমণকারী নাগরিকদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে ফ্লাইটের সর্বশেষ আপডেট নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসন আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থিত আমেরিকার কূটনৈতিক মিশন বা প্রতিষ্ঠানগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ইরান বা ইরান সমর্থিত যেকোনো গোষ্ঠী মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা কিংবা আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলোকে নিশানা করতে পারে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ভ্রমণের পরিকল্পনা থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও পূর্বপ্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।