মুক্তমন ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর সংবিধান ও বিদ্যমান আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি মাছউদ বলেন, কোনো রাজনৈতিক দল থেকে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করা হলে শুধু সেই কারণেই তার সংসদ সদস্য পদ বাতিলের সুযোগ সংবিধানে নেই। তবে কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে।
তিনি বলেন, গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ থেকে প্রয়োজনীয় চিঠি পাওয়ার পর কমিশন পুরো বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করবে। স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদ থেকে নির্দিষ্ট নির্দেশনা বা রেফারেন্স এলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং এ ক্ষেত্রে কোনো দূরত্ব নেই।
তিনি জানান, চলতি বছরের অক্টোবরকে লক্ষ্য রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন করে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করতে চায় কমিশন।
তবে আবহাওয়া পরিস্থিতি, সরকারি বিভিন্ন পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। নির্বাচন কমিশন অত্যন্ত পরিকল্পিতভাবে ভোটের সময়সূচি নির্ধারণ করবে বলেও উল্লেখ করেন ইসি মাছউদ।