টানা বৃষ্টির পর রাজধানীতে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা

টানা বৃষ্টির পর রাজধানীতে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক : কয়েক দিনের টানা বর্ষণের পর অবশেষে রাজধানী ঢাকায় মিলেছে সূর্যের দেখা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে আকাশে রোদ উঠায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে গরমের অনুভূতিও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।

অন্যদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।