মুক্তমন প্রতিবেদক : জাতীয় রাজনীতির নানা গুরুত্বপূর্ণ ইস্যু ও জনদুর্ভোগের বিষয় সামনে রেখে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এবারের অধিবেশন ঘিরে উত্তাপ ছড়ানোর আশঙ্কা রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং ঘন ঘন লোডশেডিংয়ের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বিরোধী দলের সংসদ সদস্যরা সরব হতে পারেন। একই সঙ্গে প্রশাসনে বিতর্কিত দলীয় নিয়োগের বিষয়েও তারা জোরালো বক্তব্য দিতে পারেন বলে আভাস পাওয়া গেছে।
অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে শেরেবাংলা নগরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে সংসদ ভবন এলাকায় অনাকাঙ্ক্ষিত জনসমাগম ঠেকানো এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহনের ক্ষেত্রে কঠোর নজরদারি রাখা হয়েছে।
এদিকে শেরেবাংলা নগর, ফার্মগেট, বিজয় সরণি, বাংলামটর ও শ্যামলী মোড়সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত চেকপোস্ট বসানোর পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।
সংসদ অধিবেশনকে ঘিরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন। নির্দেশনা অমান্য করে আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।