গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ঝুটের গোডাউন

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান

মুক্তমন প্রতিবেদক : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে কোনাবাড়ী থানার দেওলিয়া বাড়ী এলাকার ক্লাব মোড় সংলগ্ন একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, সকালে গোডাউনের ভেতর থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় তাদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

দীর্ঘ প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।