মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, মাগুরা: সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। শনিবার (২৫ জুলাই) মাগুরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ ও গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনই একটি সমৃদ্ধ জাতির পরিচায়ক। সরকারের বৃক্ষরোপণ উদ্যোগকে সফল করতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কর্মসূচির উদ্বোধনী পর্বে মন্ত্রী নিজ হাতে একটি জলপাই গাছের চারা রোপণ করেন এবং তাতে পানি সেচের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন। পরে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য অতিথি কদবেলসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এ সময় পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান।

এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে সংস্কৃতি মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।