ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: পরিবেশমন্ত্রী

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ফেনী: ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু।

শনিবার (২৫ জুলাই) ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফসিসিআই)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পরিবেশমন্ত্রী বলেন, দেশের সম্পদ বৃদ্ধি করা ব্যবসায়ী সমাজের অন্যতম দায়িত্ব। নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য।

তিনি বলেন, অনেক সময় ঢালাওভাবে সব ব্যবসায়ীর সমালোচনা করা হয়, যা গ্রহণযোগ্য নয়। দেশের অনেক ব্যবসায়ী আইন-কানুন মেনে দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনা করছেন এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি মূলত ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে অর্জিত হয়। সম্পদের বণ্টন করা সম্ভব হলেও দারিদ্র্য বণ্টন করে উন্নয়ন নিশ্চিত করা যায় না। তাই উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের বিকল্প নেই।

তিনি পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করে আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ী সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার।

এ ছাড়া জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম. এ. খালেক, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন।