চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। ক্যাম্পে প্রায় ৭০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩ বিজিবির উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে দুর্গম চরাঞ্চলের প্রায় ৭০০ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজিত ভেটেরিনারি চিকিৎসা ক্যাম্পে প্রায় ২০০টি গবাদিপশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
চিকিৎসা কার্যক্রমে বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুইজন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, ৫৩ বিজিবি ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর দুইজন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসকসহ মোট আটজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণে মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উদ্যোগে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।