প্রতিনিধি, ফেনী: ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) শহরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। তিনি তাঁর বক্তব্যে জেলার শিল্প ও ব্যবসা খাতের উন্নয়নে পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে চেম্বারের নবনির্বাচিত নেতৃত্বকে সরকারি-বেসরকারি সব অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও শুভেচ্ছা জানান ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনীর জেলা প্রশাসক মিজ মনিরা হক এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের উপস্থিতিতে ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা শপথ গ্রহণ করেন। এ সময় তাঁরা ফেনীর ব্যবসা-বাণিজ্য, শিল্পোন্নয়ন এবং জেলার সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলার প্রবীণ ও নবীন ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।