ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় পৃথক তিনটি অভিযানে মোট ১৩৯ পিস ইয়াবা উদ্ধার এবং চারজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে ইয়াবার পাশাপাশি একটি চাইনিজ কুড়াল ও নগদ অর্থও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা পাকার মাথা এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ২০ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

এরপর বুধবার (২৯ জুলাই) রাত ৩টার দিকে ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকায় কোস্ট গার্ড আউট পোস্ট লালমোহনের আরেকটি অভিযানে প্রায় ২৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

একই দিন ভোর ৪টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার সেকু মার্কেট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার পরিচালিত পৃথক অভিযানে প্রায় ২৬ হাজার টাকা মূল্যের ৫২ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল এবং নগদ ৬ হাজার ৫৮০ টাকাসহ আরও একজন মাদক কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে উপকূলীয় এলাকায় তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।