চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান

১০ মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ, আটক ২

১০ মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাস্তানমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক দুই ব্যক্তির কোমরে লুকানো অবস্থায় আটটি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত আরও দুটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা আলামতের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮৯ টাকা।

আটক ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের শাহিন আলম (২০), তিনি আবুল কালামের ছেলে এবং একই গ্রামের মাহফুজ (১৭), তিনি বেলাল উদ্দিনের ছেলে।

আটক দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামতসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, চলতি জুলাই মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে মোট তিনজনকে আটক করা হয়েছে। একই সময়ে ৬৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। এর মধ্যে ৫৫টি চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস অফিসে এবং ১১টি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধ, মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।