হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা

File Photo
File Photo

মুক্তমন ডেস্ক : হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। দলটি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হবিগঞ্জে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা, সাংবাদিকদের মারধর, গাড়িবহরে ভাঙচুর এবং মোবাইল ফোন, ক্যামেরাসহ প্রয়োজনীয় সরঞ্জাম লুটের ঘটনা শুধু একটি রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয়; এটি দেশের রাজনৈতিক পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের ওপরও আঘাত।

তারা আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ ঘটনায় সরকারি দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বিবৃতিতে খেলাফত মজলিসের নেতারা বলেন, রাজনৈতিক মতপ্রকাশ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। দেশে নতুন করে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও তারা মন্তব্য করেন।