রাত ৮টা পর্যন্ত অপেক্ষায় ভোগান্তি

মন্ত্রীর সফরে দাগনভূঞা সাব-রেজিস্ট্রার অফিসে সেবায় স্থবিরতা

মন্ত্রীর সফরে দাগনভূঞা সাব-রেজিস্ট্রার অফিসে সেবায় স্থবিরতা

মুক্তমন রিপোর্ট : দাগনভূঞা উপজেলা পরিষদ ভবনে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু-র সরকারি কর্মসূচি শেষে সাব-রেজিস্ট্রারের অনুপস্থিতির কারণে দাগনভূঞা সাব-রেজিস্ট্রার অফিসে চরম ভোগান্তির শিকার হয়েছেন সেবাগ্রহীতারা। দিনভর অপেক্ষার পর রাত ৮টা পর্যন্ত দলিল নিবন্ধনের জন্য অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্ত্রীর সফর উপলক্ষে সরকারি প্রটোকল ও দাপ্তরিক ব্যস্ততার কারণে সাব-রেজিস্ট্রার অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। উপজেলা পরিষদে মন্ত্রীর অনুষ্ঠান শেষ হওয়ার পরও দীর্ঘ সময় সাব-রেজিস্ট্রারের অনুপস্থিতিতে দলিল নিবন্ধনসহ দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকে।

এতে দূর-দূরান্ত থেকে আসা প্রবীণ, অসুস্থ এবং সাধারণ সেবাগ্রহীতাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। পরে রাত ৮টা পর্যন্ত অফিসে আলো জ্বালিয়ে দলিল সম্পাদনের কাজ চালানো হলেও ততক্ষণে অনেকেই চরম দুর্ভোগের মুখে পড়েন।

ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি কর্মসূচি সফলভাবে সম্পন্ন হলেও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি গুরুত্ব পায়নি। তাদের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।