‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনা, সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনা, সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

মুক্তমন রিপোর্ট : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ পরিষদের বৈঠকের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি সৌদি যুবরাজের উদ্দেশে প্রধানমন্ত্রীর চিঠিটি হস্তান্তর করেন।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে দুই দেশের অংশীদারত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। এসব সফর বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করেছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।

সৌদি বিনিয়োগে আগ্রহ

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর অন্যতম। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় সৌদি আরবের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানেরও প্রশংসা করেন তিনি।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খারেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘মক্কা চুক্তি’ নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

এদিকে বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গে বলেন, ‘মক্কা চুক্তি’ মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি ব্যবস্থা।

তিনি বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে চুক্তিটি তিন দেশের মধ্যে সম্পাদিত হয়েছে এবং বাংলাদেশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। তবে বাংলাদেশ এতে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা প্রক্রিয়া শুরু হয়নি।

মন্ত্রী জানান, বিষয়টি নির্ভর করবে চুক্তির সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর। তিন দেশ বাংলাদেশকে এতে যুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশ তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।

তিন দেশের প্রতিরক্ষা চুক্তি

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে চুক্তিটি গত ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো—চুক্তিভুক্ত কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, চুক্তিটি যদি ভবিষ্যতে আরও বিস্তৃত হয় এবং মুসলিম বিশ্বের আত্মরক্ষার বৃহত্তর ব্যবস্থায় রূপ নেয়, তাহলে বাংলাদেশ পরিস্থিতি ও সংশ্লিষ্ট দেশগুলোর অভিপ্রায় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ এবং এ ধরনের উদ্যোগকে ঘিরে বাংলাদেশের নিজস্ব জাতীয় স্বার্থ ও পররাষ্ট্রনীতির আলোকে বিষয়গুলো বিবেচনা করা হবে।