মুক্তমন প্রতিবেদক : সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।
বুধবার (২৬ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদি সিভিল ডিফেন্সের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা অঞ্চলে চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পাশাপাশি জলমগ্ন এলাকা, উপত্যকা ও বাঁধ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশটির আবহাওয়া কেন্দ্রের সর্বোচ্চ সতর্কবার্তা হলো ‘রেড অ্যালার্ট’। চরম ঝুঁকিপূর্ণ আবহাওয়ার পরিস্থিতিতে এই সতর্কতা জারি করা হয়।
গত কয়েক দিন ধরেই মক্কা প্রদেশে অস্থির আবহাওয়া বিরাজ করছে এবং বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ এলাকায় ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় ভারী বৃষ্টির পূর্ব সতর্কতা জারি করা হয়েছিল।