মুক্তমন রিপোর্ট : ময়মনসিংহ মেডিকেল কলেজ হোস্টেল এলাকায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ৬১ ব্যাচের (M-61) দুই শিক্ষার্থী মুয়াজ ও হামিদুর রহমানের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। তারা উভয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বিরোধ থেকেই এ ঘটনার সৃষ্টি।
সংঘর্ষের একপর্যায়ে স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ ব্যবহার করে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে এক শিক্ষার্থীর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।