মুক্তমন রিপোর্টার : নরসিংদীর রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের সময় কয়েকজন পালিয়ে গেছে।
সোমবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম। এর আগে রোববার রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের রতনপুর এলাকায় একটি গাড়ির গ্যারেজে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উত্তর বাখরনগর গ্রামের লোকমান মিয়ার ছেলে মারুফ মিয়া (২২), রতনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইয়াছিন মিয়া (২৩) এবং শিবপুর উপজেলার জয়নগরের জিতেন্দ্র সরকারের ছেলে দীপক সরকার (৪৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তার মারুফ মিয়ার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, অপরাধের আলামত গোপন ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার রাতে রতনপুর এলাকায় পলাতক জামালের গ্যারেজে অভিযান চালায় রায়পুরা থানা পুলিশ, এপিবিএন ও আরআরএফের সদস্যরা। এ সময় গাঁজাভর্তি ১৪টি বস্তা থেকে মোট ২২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, দুটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযান চলাকালে তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও জামালসহ আরও কয়েকজন পালিয়ে যায়।
এ ঘটনায় রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) জয় কুমার পাল টিটু বাদী হয়ে থানায় মামলা করেছেন।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।