শংকরপুরে মাদকবিরোধী অভিযান, কাশির সিরাপসহ আটক ২

যশোরের শংকরপুরে র‍্যাবের অভিযানে উদ্ধার করা ১৮৫ বোতল কাশির সিরাপ
যশোরের শংকরপুরে র‍্যাবের অভিযানে উদ্ধার করা ১৮৫ বোতল কাশির সিরাপ

মুক্তমন রিপোর্টার : যশোর সদর উপজেলার শংকরপুর জমাদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮৫ বোতল কাশির সিরাপসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার সকালে কোতোয়ালী মডেল থানাধীন ওই এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

আটক ব্যক্তিরা হলেন—মো. মশিউল আলম (৫৫), পিতা মৃত তফসিল উদ্দিন এবং মোছা. আকলিমা খাতুন (৪৩), পিতা আজিবর রহমান। তাদের দুজনের স্থায়ী ঠিকানা যশোরের কোতোয়ালী মডেল থানার শংকরপুর জমাদারপাড়া এলাকায়।

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর জমাদারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ১০৫ বোতল Wincerex ও ৮০ বোতল Eskuf কাশির সিরাপ উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, উদ্ধার করা সিরাপগুলো নেশাজাতীয় দ্রব্য হিসেবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

র‍্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা আলামত জব্দ করা হয়। পরে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি প্রিন্স বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান নিয়মিতভাবে চলছে। সমাজ থেকে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে যেকোনো ধরনের মাদক কারবারের তথ্য র‍্যাবকে জানানোর আহ্বান জানান তিনি।