শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

WhatsApp Image 2026-04-12 at 1.22.37 PM
WhatsApp Image 2026-04-12 at 1.22.37 PM

মুক্তমন ডেস্ক : শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে উৎসাহ দিতে পুরস্কার ঘোষণার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। তিনি বলেন, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর ইনোভেটিভ প্রোজেক্ট দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রোববার সকালে রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় আয়োজিত ‘Skill is the Future: Youth Employability Summit 2026’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। গ্লোবাল অন্ট্রোপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) যৌথ উদ্যোগে এ সামিট অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রযুক্তিনির্ভর বাস্তবমুখী প্রকল্প তৈরি করতে হবে, যা সরাসরি দেশের উন্নয়নে অবদান রাখবে। তিনি বিশেষভাবে ক্রাইম প্যাটার্ন রিকগনিশন ও ক্রাইম ডিটেকশন সফটওয়্যার তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের কার্যকর সফটওয়্যার তৈরি করতে পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে এবং প্রকল্পগুলো বাজারজাত করতে সরকারিভাবে সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন।

দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দক্ষ মানবসম্পদের ঘাটতি পূরণে শিক্ষাব্যবস্থাকে স্কিলভিত্তিক করতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দক্ষতার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।