না ফেরার দেশে

ক্যান্সারের কাছে হার মানলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সিডনি টাওলের ছবি।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সিডনি টাওলের ছবি।

মুক্তমন রিপোর্ট: দুর্লভ ও আক্রমণাত্মক ধরনের ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মারা গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সিডনি টাওল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সিডনির পরিবারের পক্ষ থেকে তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মৃত্যুর খবর জানানো হয়। পরিবার জানিয়েছে, পিত্তনালির ক্যান্সার (কোলাঞ্জিওকারসিনোমা) শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ার জটিলতায় তার মৃত্যু হয়েছে।

সিডনির ভাই অস্টিন টাওল এক ভিডিও বার্তায় জানান, প্রায় তিন বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার বোন।

মৃত্যুর কয়েক দিন আগে সিডনিকে হসপিস কেয়ারে নেওয়া হয়েছিল। নিউইয়র্ক সিটিতে বসবাসকারী এই কনটেন্ট ক্রিয়েটরের টিকটকে ১০ লাখের বেশি এবং ইনস্টাগ্রামে দুই লাখের বেশি অনুসারী ছিল।

গত তিন বছর ধরে কেমোথেরাপি, চিকিৎসার কঠিন সময় এবং ক্যান্সারের সঙ্গে নিজের লড়াইয়ের অভিজ্ঞতা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেন সিডনি। তার সাহস ও ইতিবাচক মানসিকতা লাখো মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছিল।

পরিবার জানিয়েছে, দুর্লভ ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি এবং মানুষকে স্বাস্থ্য বিষয়ে আরও সতর্ক হতে উৎসাহিত করাই ছিল সিডনির অন্যতম লক্ষ্য।

তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ভক্ত শোক প্রকাশ করেছেন এবং তার সাহসী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।