মুক্তমন রিপোর্ট: রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর ভোকাল হাসান। গান পরিবেশনের সময় দর্শকসারির দিক থেকে তাকে লক্ষ্য করে একটি পানির বোতল ছোড়া হয়।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এ কনসার্টে পারফর্ম করেন দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড ও শিল্পী। তাদের মধ্যে ছিলেন পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক ও আর্টসেল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চের সামনে এসে গান গাওয়ার সময় একটি পানির বোতল এসে হাসানের মুখে আঘাত করে। এতে পানি ছড়িয়ে পড়লেও তিনি গান থামাননি এবং স্বাভাবিকভাবে পারফরম্যান্স চালিয়ে যান।
ঘটনার পর সংগীতাঙ্গনে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
তিনি প্রশ্ন তোলেন, মঞ্চে থাকা শিল্পীর ওপর এ ধরনের হামলা কীভাবে সম্ভব হলো এবং আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই কনসার্টে শিল্পীদের নিরাপত্তা আরও জোরদারের দাবি জানিয়েছেন।