মুক্তমন রিপোর্ট: শারীরিক পরিবর্তন ও ওজন বৃদ্ধির কারণে একসময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। তবে সব বাধা পেরিয়ে ২২ কেজি ওজন কমিয়ে নতুন রূপে শোবিজে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।
‘শ্রীময়ী’ ধারাবাহিকের পর দীর্ঘ সময় নিজেকে আলোচনার বাইরে রেখেছিলেন ইন্দ্রাণী। এ সময় শারীরিক অসুস্থতা ও ইনজুরির কারণে তার ওজন বেড়ে যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাকে।
অভিনেত্রী জানান, কোমরের চোটের কারণে চিকিৎসকের পরামর্শে বন্ধ করতে হয়েছিল নিয়মিত জিম ও শরীরচর্চা। এর প্রভাব পড়ে তার শারীরিক অবস্থায়। এমনকি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’ থেকেও নিজেকে সরিয়ে নিতে হয়েছিল তাকে।
তবে দৃঢ় মনোবল ও পরিশ্রমের মাধ্যমে আবারও নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন ইন্দ্রাণী। ওজন কমিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। নতুন উদ্যমে আবারও অভিনয় জগতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।
ভক্তদের প্রত্যাশা, নতুন অবতারে ইন্দ্রাণী হালদারের প্রত্যাবর্তন আবারও দর্শকদের মুগ্ধ করবে।