নির্বাচনবৃহত্তর উত্তরারাজনীতি

প্রচারণায় বাধা পেলেও ব্যালটে জবাব দেবেন নারীরা: আরিফুল ইসলাম

মুক্তমন রিপোর্ট : ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১০ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম বলেছেন, বিভিন্ন স্থানে তাদের মা-বোনদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাতে গিয়ে তারা বারবার বাধার মুখে পড়লেও ভেঙে পড়েননি; বরং এসব অন্যায় ও হয়রানির জবাব আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই দেওয়া হবে।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকার নিকুঞ্জ কল্যাণ সমিতি মাঠে আয়োজিত এক মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

আরিফুল ইসলাম বলেন, তাদের নারী কর্মীরা মাঠে নামলেই ভয়ভীতি ও হুমকির মুখে পড়ছেন। এমনকি ভোটকেন্দ্রে গেলে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, এ ধরনের পরিস্থিতি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

নারীদের নিরাপত্তা ও মর্যাদার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঢাকা-১৮ আসনকে নারীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে। মা-বোনেরা যেন শিক্ষা, চিকিৎসা, কর্মক্ষেত্র ও সামাজিক কর্মকাণ্ডে নির্বিঘ্নে অংশ নিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

তিনি আরও বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। নতুন বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচনে ১০ দলীয় জোটকে বিজয়ী করার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে নিকুঞ্জ আবাসিক এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর খিলক্ষেত থানার মহিলা শাখার উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে খিলক্ষেত বাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন আরিফুল ইসলাম।

এদিকে একই আসনে শাপলা কলি প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে খেলাফত মজলিসের নেতাকর্মীরাও মিছিল করেছেন। মিছিলটি উত্তরার আজমপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামূল হক হাসান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ইঞ্জিনিয়ার আবিদুল ইসলামসহ অন্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button