পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল


নেত্রকোণা প্রতিনিধি : পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নেত্রকোনা জেলা শাখা।
শুক্রবার সংগঠনটির নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং মুসলিম উম্মাহর ওপর নির্যাতন বন্ধের দাবি জানান।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতন, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। তারা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন জামিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি তাহের কাসেমী, সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, আবুল বাশার আব্দুল হাদী ফারাজী, সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল কাশেমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, মুসলিম নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক মহলকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।



