নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামোতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে টানা আলোচনা শেষে বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডের চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করা সম্ভব হয়েছে। দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। সিদ্ধান্তটি গেজেট প্রকাশের জন্য পাঠানোর আগে বুধবারও বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।
নতুন মজুরি কাঠামো অনুযায়ী, চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। এই গ্রেডে রয়েছেন হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্ট। তৃতীয় গ্রেডের শ্রমিকদের মজুরি ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তৃতীয় গ্রেডে রয়েছেন জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার ও ট্যাগিংম্যানসহ বিভিন্ন পদে কর্মরত শ্রমিক। দ্বিতীয় গ্রেডে রয়েছেন সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটরসহ বিশেষায়িত কাজে নিয়োজিত শ্রমিকেরা। প্রথম গ্রেডে রয়েছেন সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটর।
বোর্ডের চেয়ারম্যান জানান, প্রথম থেকে তৃতীয় গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। তবে চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে না পারায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোট নেওয়া হয়। এতে ১৭ হাজার টাকার পক্ষে চারজন এবং ১৮ হাজার টাকার পক্ষে দুজন সদস্য ভোট দেন।
এ ছাড়া যেসব শ্রমিকের বর্তমান বেতন নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি, তাঁদের বেতন সর্বসম্মতিক্রমে অন্তত দুই হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। সক্ষমতা অনুযায়ী কারখানাগুলো এর চেয়ে বেশি মজুরিও দিতে পারবে।
বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘ দর-কষাকষির একপর্যায়ে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের সদস্যদের ভোটে ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।
গত সোমবার মালিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। মঙ্গলবার দুপুর ২টা থেকে বোর্ডের সভায় বিস্তারিত আলোচনা চলে। বিরতি দিয়ে রাত দেড়টা পর্যন্ত বৈঠক অব্যাহত থাকে। এ সময়ে উভয়পক্ষ মোট ছয় দফা প্রস্তাব দেয়।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, অতীতে শ্রমিক আন্দোলনের সময় ‘নো ওয়ার্ক, নো পে’ নীতির আওতায় কারখানা বন্ধ করে দেওয়া হতো। এবার আন্দোলনের কারণে ৫০০ থেকে ৬০০টি কারখানা বন্ধ থাকলেও এ ধরনের ঘোষণা দেওয়া হয়নি। অতীতে আন্দোলন দমনে গুলির ব্যবহারের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, এবার সে ধরনের পরিস্থিতি দেখা যায়নি এবং শ্রমিকদের গণহারে চাকরিচ্যুতও করা হয়নি।
শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, মজুরি বোর্ড গঠনের পরও বিভিন্ন কারণে আন্দোলন অব্যাহত রয়েছে। কেউ শ্রমিকদের দাবিতে, আবার কেউ অন্যের স্বার্থে আন্দোলন করছেন বলে তিনি মন্তব্য করেন। এ কারণে শ্রমিক অসন্তোষ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
তিনি আরও বলেন, মজুরি ঘোষণার পর কোনো সংগঠনের নামে আন্দোলন হলে তার দায় সংশ্লিষ্ট সংগঠনকে নিতে হবে। অন্য কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাষ্ট্র আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
আন্দোলনে জড়িত শ্রমিকদের ছাঁটাই বন্ধ, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের বিষয়ে সরকারের কাছে সুপারিশ করার কথাও জানান বাবুল আখতার।
নতুন মজুরি কাঠামো কার্যকর হলে পোশাকশ্রমিকদের বেতন-ভাতায় পরিবর্তন আসবে। তবে প্রজ্ঞাপন জারির পর চূড়ান্ত কাঠামোর বিস্তারিত এবং বাস্তবায়নপ্রক্রিয়া স্পষ্ট হবে।