হাঙ্গেরিতে খামার-গুদাম ও জঙ্গল থেকে ২৫০ কোটি টাকা উদ্ধার

হাঙ্গেরিতে দুর্নীতির তদন্তে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা নগদ অর্থ গণনা করছেন কর্মকর্তারা।
হাঙ্গেরিতে দুর্নীতির তদন্তে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা নগদ অর্থ গণনা করছেন কর্মকর্তারা।

মুক্তমন রিপোর্ট : হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের সাবেক এক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তের অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ মিলিয়ন ডলার নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির জাতীয় সম্পদ পুনরুদ্ধার ও সুরক্ষা অফিস। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা।

গত ১২ ও ১৩ নভেম্বর চালানো অভিযানে খামার, গুদাম, বাড়ি এবং জঙ্গলের ভেতর থেকে এসব অর্থ উদ্ধার করা হয়। উদ্ধার করা অর্থের মধ্যে ছিল হাঙ্গেরির মুদ্রা ফরিন্ট, ইউরো ও মার্কিন ডলার।

জাতীয় সম্পদ পুনরুদ্ধার ও সুরক্ষা অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কর্মকর্তারা অন্ধকারে মাটি খুঁড়ে নগদ অর্থ বের করছেন। পরে উদ্ধার করা অর্থ গণনা করে রাষ্ট্রীয় তহবিলে জমা দেওয়া হয়।

হাঙ্গেরির অর্থমন্ত্রী আন্দ্রেস কারমান জানান, উদ্ধার করা অর্থ গুনতে ১২ জন কর্মকর্তার আট ঘণ্টা সময় লেগেছে।

সাবেক উন্নয়নমন্ত্রী মিকলোস সেজতাকের বিরুদ্ধে এ দুর্নীতির তদন্ত চলছে। তিনি ভিক্টর অরবানের সরকারের অধীনে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত উন্নয়নমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তদন্তসংশ্লিষ্ট অভিযোগ অনুযায়ী, ওই সময়ে ঘুষ ও অবৈধ কমিশনের মাধ্যমে ৩৭ দশমিক ২ মিলিয়ন ডলার আত্মসাৎ করেন সেজতাক। সরকারি পরিবহন কোম্পানির জন্য পুরোনো বাস কেনার প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

গত সেপ্টেম্বরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

গত এপ্রিলে নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে ভিক্টর অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটে। মধ্যডানপন্থি ও ইউরোপপন্থি তিসজা পার্টির নেতা পিটার মাগইয়ারের কাছে পরাজিত হন তিনি। নির্বাচনের পর অরবানের সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী ও কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র : আলজাজিরা

Muktomon/TA