বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ছয় ড্রোন হামলার দাবি ইরানের

বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে ড্রোন হামলার খবর
বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে ড্রোন হামলার খবর

মুক্তমন রিপোর্ট : বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। রোববার (১৫ নভেম্বর) সকালে চালানো এ হামলাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে দ্বিতীয় দফার পদক্ষেপ বলে উল্লেখ করেছে সংস্থাটি।

এর আগে একই সকালে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে দুই দফা সতর্কতা জারি করে। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটস্থ নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানানো হয়।

বিপ্লবী গার্ডের এক বিবৃতিতে বলা হয়, তাদের অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে। সংস্থাটির দাবি, ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইরানের দাবি, এর আগে দুই দিন আগে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করেও হামলা চালানো হয়েছিল। তবে ওই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, বাহরাইনের দিকে আসা দুটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

বিপ্লবী গার্ডের ভাষ্য অনুযায়ী, ইরানের হরমুজগান প্রদেশের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে বাহরাইনে রাডার স্থাপনাটি লক্ষ্য করা হয়েছে। তবে এ বিষয়ে ইরানের বক্তব্যের বাইরে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড আরও অভিযোগ করেছে, জাহাজ চলাচলের নিরাপত্তার কথা বলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে তেল পাচারের চেষ্টা করছে। নিজেদের ব্যর্থতা আড়াল করতেই ওয়াশিংটন ইরানে হামলা চালাচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি। একই সঙ্গে হরমুজ প্রণালি বন্ধ থাকার কথা উল্লেখ করে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে, নতুন হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। হামলায় রাডার স্থাপনাটির ক্ষয়ক্ষতির বিষয়টিও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। এরপর থেকেই হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত রয়েছে।

সূত্র : ইরান ইন্টারন্যাশনাল

Muktomon/TA