ইরানে নতুন হামলার পরিকল্পনা নেই বলে জানালেন ট্রাম্প

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা নিয়ে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানে নতুন করে হামলার পরিকল্পনা নিয়ে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মুক্তমন রিপোর্ট : ইরানে আবারও সামরিক হামলা চালানোর কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা শুরুর যে ইঙ্গিত তিনি দিয়েছিলেন, সেখান থেকে সরে এসে সামরিক পদক্ষেপের প্রয়োজন নাও হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মার্কিন বাহিনী যেকোনো সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় হামলার প্রয়োজন নাও হতে পারে। তিনি বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র অস্ত্র ও সরঞ্জামসহ পুরোপুরি প্রস্তুত, কিন্তু হয়তো সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো কারণ তৈরি হবে না।

ইরান ইস্যুতে ওয়াশিংটনের বর্তমান অবস্থাকে ‘চমৎকার পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তাঁর দাবি, তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের বর্তমান চাপের ভারসাম্য নিয়ে তাঁর প্রশাসন সন্তুষ্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যা চাইছে, তার সবই যেন পাওয়া যাচ্ছে।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে প্রচলিত কোনো যুদ্ধে জড়িত নয়। অতীতে বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই অভিযানে দেশটির পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে।

তবে ইরানের কাছে থাকা প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ধারণা করা হচ্ছে, সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ আগের হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তবে ওই উপাদান সেখানে পড়ে থাকাকে সন্তোষজনক মনে করছেন না ট্রাম্প। তাঁর ভাষ্য, বিপুল পরিমাণ পাথরের নিচে চাপা পড়ে থাকলেও ইউরেনিয়ামের মজুত নিয়ে তাঁর উদ্বেগ রয়েছে।

ইরানের সঙ্গে চলমান আলোচনায় ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সূত্র : আনাদোলু এজেন্সি

Muktomon/TA