ফেনীতে দুই আইসক্রিম কারখানায় মোবাইল কোর্ট, দেড় লাখ টাকা জরিমানা

ফেনীতে আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান
ফেনীতে আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান

ফেনী ​প্রতিনিধি : ফেনী সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দুই কারখানায় অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। অভিযানে ‘ডলফি আইসক্রীম’ কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে ‘সনি আইসক্রীম’ কারখানাকে অসংগতি সংশোধনের জন্য সতর্ক করে সময় বেঁধে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ফেনী জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার।

অভিযান সূত্রে জানা যায়, সদর উপজেলার ‘ডলফি আইসক্রীম’ ও ‘সনি আইসক্রীম’ কারখানায় তল্লাশি চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার এবং কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ‘ডলফি আইসক্রীম’ কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অন্যদিকে ‘সনি আইসক্রীম’ কারখানায় পাওয়া অসংগতিগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে আইন মেনে চলার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন, জেলা সদর স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমান, ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA