মুক্তমন রিপোর্ট : ফিফা সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে লড়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রধান ফিলিপ দিয়ালো। তাঁর প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডসের ফুটবল অ্যাসোসিয়েশন। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও তাঁর পাশে রয়েছে।
দিয়ালোর সঙ্গে বৈঠকের পর জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক ফুটবলে দিয়ালোর অভিজ্ঞতা রয়েছে এবং ইউরোপীয় ফুটবল অঙ্গনে তিনি সম্মানিত। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ফিফার নেতৃত্বে পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে উয়েফা। সংস্থাটি দিয়ালোকে সমর্থন জানিয়েছে। একই অবস্থান জানিয়েছে নেদারল্যান্ডসের ফুটবল অ্যাসোসিয়েশনও। ইউরোপের আরও কয়েকটি ফুটবল সংস্থা তাঁর প্রার্থিতার প্রতি সমর্থন জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে চতুর্থ মেয়াদে ফিফার সভাপতি হওয়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব ব্যবস্থাপনায় বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার উদ্যোগ নিয়ে আগে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ওই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। তবে বিশ্বজুড়ে ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সমর্থন রয়েছে বলে দাবি করে আসছেন ইনফান্তিনো।
ফিফা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা রয়েছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা এবং সুইজারল্যান্ডের সাবেক ডিফেন্ডার র্যামন ভেগারও।
Muktomon/TA