আলমগীর মোল্লা : গাজীপুরের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
সভায় প্রধান অতিথি বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদারে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি স্থাপন, নারী ও শিশুদের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা, যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানি ছড়ানো ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, শাহাবুদ্দিন আহমেদ, আতিকুর রহমান আকন্দ ফারুক, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, পৌর সচিব শ্যামল কুমার দত্ত, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন ও সম্পাদক জীবন কৃষ্ণ ধরসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA