১ নভেম্বর থেকে উত্তরার সড়কে দীর্ঘমেয়াদী ভয়াবহ ভোগান্তির আশঙ্কা

১ নভেম্বর থেকে উত্তরার সড়কে দীর্ঘমেয়াদী ভয়াবহ ভোগান্তির আশঙ্কা

উত্তরায় পানি সরবরাহের পাইপলাইন স্থাপনের কাজ শুরু ১ নভেম্বর, শেষ হবে ১৮ জুন ২০২৭

রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থা উন্নত করতে গন্ধর্বপুর পানি শোধনাগার থেকে পাইপলাইন স্থাপনের কাজ শুরু করেছে ঢাকা ওয়াসা। এ কাজের কারণে উত্তরাসহ সংশ্লিষ্ট এলাকার সড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন ও যানজটের আশঙ্কা রয়েছে।

ঘটনাস্থলে স্থাপিত ঢাকা ওয়াসার গণবিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাইমারি ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন স্থাপনের কাজ চলবে ১ নভেম্বর থেকে ১৮ জুন ২০২৭ পর্যন্ত। দীর্ঘ আট মাসের এই কাজে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের  আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর পর্যন্ত মহাসড়কে দীর্ঘস্থায়ী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। 

প্রকল্পের আওতায় দৈনিক ৫০ কোটি লিটার পানি সরবরাহের লক্ষ্যে পাইপলাইন স্থাপন করা হবে। এ সময় সংশ্লিষ্ট সড়কের একটি অংশে নির্মাণকাজ চলবে এবং কিছু ক্ষেত্রে সার্ভিস রোড সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্প বাস্তবায়নে ঢাকা ওয়াসাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করবে।

পাইপলাইন বসানোর কাজের অংশ হিসেবে বিমানবন্দর চত্বর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কের পশ্চিম পাশ বন্ধ থাকতে পারে। বাকি জায়গা দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।  এ সময় অনুমোদিত ট্রাফিক ব্যবস্থাপনা এবং পরিকল্পনা অনুযায়ী যানবাহন  চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 

এই কাজে সড়ক ও অধিদপ্তর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সঙ্গে সমন্বয় করে প্রকল্পের কাজ পরিচালনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

পাইপলাইন স্থাপনের কাজ চলাকালে উত্তরার সংশ্লিষ্ট সড়ক ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দাদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে। তাই চালক ও যাত্রীদের চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার এবং প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: ঘটনাস্থলে স্থাপিত ঢাকা ওয়াসার গণবিজ্ঞপ্তি।