নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন প্রাপ্ত উত্তরা প্রেসক্লাবের নির্বাহী কমিটিতে নতুন তিনজনকে কোঅপ্ট করা হয়েছে। এতে নির্বাচিত সভাপতি বদরুল আলম মজুমদার এর সাথে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় সাংবাদিক নেতা এশিয়ান টিভির ফরিদ আহমেদ নয়ন। কমিটির অপর নেতারা হলেন সিনিয়র সহ সভাপতি পদে যুগান্তরের সাইফুর নূর শুভ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক নেতা সৈয়দ ইদ্রিস আলী। এছাড়া ক্লাব পরিচালনায় দায়িত্বপূর্ণ ভূমিকার সার্থে দৈনিক ইত্তেফাকের জাহাঙ্গীর কবিরকে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়।
এর আগে উত্তরা প্রেসক্লাবের তিনজনকে বহিস্কার করেন সভাপতি বদরুল আলম মজুমদার। উত্তরা প্রেসক্লাবের প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, নানা অসাংগঠনিক কার্যক্রম এবং সার্বজনীন ঐক্য নষ্ট করার অভিযোগে সাধারণ সম্পাদক মাহতাব ফারাহী, সিনিয়র সহসভাপতি মানিক খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আব্দুল্লাহ রাজিবকে বহিষ্কার করা হয়েছে।
৫ অক্টোবর উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্লাবের নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ জুলাই ২০২৬ উত্তরা প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। ফলাফল ঘোষণার পর ক্লাবের ঐক্য নষ্টের পক্ষে একটি গ্রুপ উঠে পড়ে লাগে। এতে উত্তরা প্রেসক্লাবের সুনাম মারাত্মকভাবে ব্যহত হয়। ক্লাবের ইমেজ রক্ষার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তরা প্রেসক্লাবের গঠনতন্ত্র, শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নির্বাহী কমিটি প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে।
Muktomon/TA