মুক্তমন রিপোর্ট : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরের জন্য আর্থিক অনুদান দেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) মানিকগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী পূজার আয়োজন ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরলে তিনি পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস দেন।
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আফরোজা খানম বলেন, “আজ আপনাদের কারণেই আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা পাশে ছিলেন বলেই আমি আজ এই অবস্থানে এসেছি। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সবার কল্যাণে কাজ করতে পারি।”
মন্ত্রী বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই একই এলাকার বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। সম্মিলিতভাবে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ সবাইকে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে দেশের উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
খাদ্যমন্ত্রী মানিকগঞ্জের নবগ্রাম কালীবাড়ি পূজামণ্ডপ, লোকনাথ কুঠির শ্রী শ্রী দুর্গা মন্দির, উকিয়ারা দয়াল রাজবংশীর বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, কৈট্টা অগ্রগামী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, মাঝিপাড়া পলাশ স্মৃতি দুর্গা মন্দির, দশ আনী সার্বজনীন দুর্গা মন্দির, মিতরা শ্রী শ্রী হরিকালী মন্দির, এগারোশ্রী সার্বজনীন দুর্গা মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, বাজার লক্ষ্মীমণ্ডপ, পূর্ব দাশড়া কালীখোলা দুর্গা মন্দির ও শিববাড়ী দুর্গা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মন্ত্রীকে কাছে পেয়ে সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সময় উপস্থিত সবাই পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও মঙ্গল কামনা করেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
Muktomon/TA