চিতলমারীতে সার ডিলার নিয়োগ নিয়ে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব

চিতলমারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন
চিতলমারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

অরুণ কুমার সরকার চিতলমারী : বাগেরহাটের চিতলমারীতে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা নিয়োগ কমিটিতে থাকা বিএনপি নেতাদের শাস্তি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার অপসারণ দাবি করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নিয়ামত আলী খান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জবরুল শেখ, জয়নুল পারভেজ সুমনসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগ কমিটিতে থাকা বিএনপির যেসব নেতা অর্থের বিনিময়ে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডিলারশিপ পাইয়ে দিয়েছেন, তাঁদের দল থেকে বহিষ্কার করতে হবে। একই সঙ্গে তাঁরা ইউএনও ও উপজেলা কৃষি কর্মকর্তার অপসারণ দাবি করেন।

অন্যদিকে, বুধবার (১৪ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক জানান, তাঁরা দুজন সার ডিলার নিয়োগ কমিটিতে ছিলেন। উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করে ডিলার নিয়োগ করেছে বলে তাঁরা দাবি করেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ বলেন, নীতিমালা অনুসরণ করে গণ্যমান্য ব্যক্তিদের মতামতের ভিত্তিতে সার ডিলারদের নাম সুপারিশ করা হয়েছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, খাসজমি উদ্ধার এবং একটি ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনে অনিয়মের অভিযোগে চার লাখ টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিয়ামত আলী খান ও জয়নুল পারভেজ সুমন বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন। তাঁর দাবি, সার ডিলার নিয়োগে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়েছে।

সার ডিলার নিয়োগ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে অনিয়মের অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাইয়ের বিষয়টি সামনে এসেছে।

ছবি ক্যাপশন: চিতলমারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বাগেরহাট প্রতিনিধি  

Muktomon/TA