মুক্তমন রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের সোর্স ব্রেকারে বিস্ফোরণের পর সেটি বিকল হয়ে পড়েছে। এতে চৌমুহনী থেকে মাইজদী পর্যন্ত বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় জেলা শহর মাইজদী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ব্রেকারটিতে আগুন ধরে যায়। ফলে মাইজদী উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ব্রেকারটি মেইন ব্রেকার হওয়ায় এর মাধ্যমে মাইজদী উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা হতো। এটি বিকল হয়ে পড়ার পর বিকল্প সোর্স ব্যবহার করে রিং সার্কিটের মাধ্যমে প্রায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
তবে মাইজদী শহর ও আশপাশের এলাকায় বিদ্যুতের চাহিদা প্রায় ২০ থেকে ২৫ মেগাওয়াট। ফলে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করায় বিভিন্ন এলাকায় রোটেশন ভিত্তিতে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। অর্থাৎ এক ঘণ্টা এক এলাকায় সরবরাহ চালু থাকলে অন্য এলাকায় তা বন্ধ রাখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত থেকে কয়েক দফা বিদ্যুৎ আসা-যাওয়া করেছে। এতে নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
পিডিবি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার বলেন, চৌমুহনী গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স ব্রেকারের পোল নষ্ট হয়ে সেটি বিকল হয়েছে। বিকল্প ব্যবস্থায় জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।
তিনি আরও জানান, বৃষ্টির কারণে মেরামতকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। শনিবার বিকেলের দিকে নতুন ব্রেকার স্থাপনের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এরপর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।
Muktomon/TA