মুক্তমন রিপোর্ট : ঢাকায় ‘বাবরি মসজিদ’ নামে মসজিদ নির্মাণের উদ্যোগকে ধর্মীয় আবেগকে কেন্দ্র করে নতুন ধরনের রাজনীতি ও বিভাজনের আশঙ্কা হিসেবে দেখছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
এক বিবৃতিতে তিনি বলেন, শুধু নতুন মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করলেই সমাজে ইসলামের আদর্শ প্রতিষ্ঠিত হবে না। তার মতে, মানুষের মধ্যে ঈমান, মানবিকতা, ন্যায়বোধ ও সহমর্মিতা প্রতিষ্ঠা করাই গুরুত্বপূর্ণ।
আল্লামা ইমাম হায়াত বলেন, ধর্মের নামে সহিংসতা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মানুষের অধিকার হরণের কোনো সুযোগ থাকা উচিত নয়। তিনি দাবি করেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভাজনের পরিবর্তে সব ধর্ম ও মতের মানুষের সমান নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ উপমহাদেশে একক ধর্ম বা একক জাতীয়তাবাদভিত্তিক রাজনীতির পরিবর্তে সব মানুষের সমান অধিকার ও মর্যাদার ভিত্তিতে একটি বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা দরকার।
তার ভাষ্য, এমন একটি সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সহিংসতা, জুলুম, রাষ্ট্রীয় সন্ত্রাস ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে সত্য ও মানবতার বিকাশ সম্ভব হবে।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ‘বাবরি মসজিদ’ নির্মাণের উদ্যোগের পরিবর্তে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান ও শান্তির চর্চার ওপর গুরুত্ব দেওয়া হয়।
Muktomon/TA