বন্দরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

বন্দরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বন্দরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নবীগঞ্জের জালাল হাজ্বীর মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজউদ্দোলা মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

মিছিলটির আয়োজন ও নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, অপশক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে। কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের পরিবেশ অস্থিতিশীল করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আবুল কাউছার আশা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অভিযোগের বিষয়ে বন্দরে কঠোর অবস্থান নেওয়া হবে। জনগণের নিরাপত্তা ও শান্তি রক্ষায় নেতাকর্মীরা সতর্ক থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Muktomon/TA