মুক্তমন রিপোর্ট : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার দুই দিন পর শনিবার (২৬ সেপ্টেম্বর) নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা।
উদ্ধার হওয়া তিনজন হলেন—সামিয়া (১৭), সজীব (২৪) ও সামিন (৫)। এর আগে দুর্ঘটনার দিন বৃহস্পতিবার রায়েশা বেগম (৫৫) নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। একই পরিবারের আরেক সদস্য হেলাল উদ্দিন (৫৫) এখনো নিখোঁজ রয়েছেন।
শনিবার সকালে উপজেলার বৈদ্যেরবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, নৌপুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে মেঘনা নদীর সোনামই এলাকায় ১৪ জন যাত্রী নিয়ে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রবল স্রোত ও বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুর্ঘটনার পর বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
Muktomon/TA