শ্রমিক মজলিসের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বায়তুল মোকাররমের উত্তর গেটে শ্রমিক মজলিসের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শ্রমিক সমাবেশ।
বায়তুল মোকাররমের উত্তর গেটে শ্রমিক মজলিসের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শ্রমিক সমাবেশ।

মুক্তমন রিপোর্ট : গ্যাস সংকট ও জ্বালানি সমস্যার কারণে যত্রতত্র শ্রমিক ছাঁটাই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম। তিনি বলেছেন, শিল্পকারখানা বেসরকারিকরণের নামে বিপুলসংখ্যক শ্রমিককে কর্মহীন করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শ্রমিক মজলিসের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ এ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

মুহাম্মদ আব্দুল করিম বলেন, গ্যাস সংকট ও জ্বালানি সমস্যার সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ না থাকায় শ্রমিকদের মধ্যে হতাশা বাড়ছে। দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে মন্দা বিরাজ করছে। এর প্রভাব পড়ছে শ্রমজীবী মানুষের কর্মসংস্থানে।

তিনি আরও বলেন, গ্যাস সংকটের সমাধান না হওয়ায় বিভিন্ন জায়গায় শ্রমিক ছাঁটাই চলছে। চা শ্রমিকদের মজুরিও এখনো ন্যায্য পর্যায়ে পৌঁছায়নি। শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

শ্রমিকদের জন্য অবিলম্বে শ্রমিক কার্ড চালু এবং টিসিবির সুবিধা সবার জন্য উন্মুক্ত করার দাবি জানান তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মব কালচার ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি খালেদ সানোয়ারের সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে পরিচালনা করেন মহানগর উত্তর সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক মজলিসের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি হাজী নূর হোসেন, সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইসমাইল খন্দকার, ইসলামী যুব মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আজিজুল হক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। পরে বায়তুল মোকাররম থেকে একটি মিছিল বের হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর রোডে গিয়ে শেষ হয়।

এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুরের নির্বাহী পরিচালক শাহ শিহাব উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আতাউর হক, চিকিৎসক আবু বকর সিদ্দিক, মুহাম্মদ ফারুক হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Muktomon/TA