মুক্তমন রিপোর্ট : ময়মনসিংহে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, আসনবিন্যাস ও পরিচালনা কার্যক্রম ঘুরে দেখেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া পরীক্ষা কার্যক্রমে সহায়তা ও পর্যবেক্ষণের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ডেভেলপমেন্ট) কাজী এহসানুল কবীর এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকের আহমেদ।
পরীক্ষা পরিচালনা বোর্ড সূত্রে জানা গেছে, নির্ধারিত ৩০ মিনিটে প্রচলিত আইনের বিভিন্ন বিষয়ে ৫০টি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হয়। এ পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এ বছর ময়মনসিংহ রেঞ্জের অধীন জেলা পুলিশ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার—ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা, ২-এপিবিএন মুক্তাগাছা, শিল্পাঞ্চল পুলিশ-৫ এবং হাইওয়ে পুলিশ ময়মনসিংহ রিজিওনের মোট ১ হাজার ৩৮৯ জন পদোন্নতিপ্রত্যাশী পরীক্ষায় অংশ নেন।
তাদের মধ্যে এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য ৩১০ জন এবং কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য ১ হাজার ৭৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।
Muktomon/TA