মুক্তমন রিপোর্ট : তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, সুন্দর, আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ছেলেমেয়েদের শুধু স্কুল ও ঘরের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা ও পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এতে তরুণদের মননশীলতা ও শারীরিক সক্ষমতা বিকশিত হবে এবং তারা ইতিবাচক জীবনের পথে এগিয়ে যেতে পারবে।
তিনি বলেন, বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে মাদক, দুঃশাসন, স্বজনপ্রীতি, হিংসা, বিদ্বেষ ও অহংকারের স্থান থাকবে না। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, পড়াশোনার পাশাপাশি বেকার যুবক-যুবতীদেরও বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সক্রিয় ও স্বাবলম্বী করে তুলতে হবে, যাতে তারা পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের জনগণের সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
মন্ত্রী বলেন, আগামী দিনে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য থাকতে হবে, যেখানে নারী-পুরুষ ও সব শ্রেণি-পেশার মানুষ সমতার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন। ‘সবার জন্য বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ’—এই প্রত্যয় সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে বক্তব্যে মন্ত্রী জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা, রেফারি ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। খেলাধুলার মাধ্যমে ময়মনসিংহের ঐতিহ্য ও সম্ভাবনাকে দেশবাসীর সামনে তুলে ধরায় সাংবাদিকদেরও ধন্যবাদ জানান তিনি।
ময়মনসিংহ বিভাগের সন্তান হিসেবে গর্ব প্রকাশ করে মন্ত্রী জেলার জনপ্রতিনিধিদের খেলাধুলার মানোন্নয়নে আগ্রহ ও প্রচেষ্টার প্রশংসা করেন।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ধোবাউড়া এবং রানার্সআপ নান্দাইল দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, খেলোয়াড় এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Muktomon/TA